গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসী গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চ ঘাটের গোলচত্বর এলাকায় সমবেত হলে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসী ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়লে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা সরে পড়ে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি আছেন চর মানিকদাহ গ্রামের জাহিদুর রহমান প্রান্ত, রাকিবুল মোল্লা, সাহাবুল মোল্লা ও জাহিদ মোল্লা।
সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।




