আলজাজিরা, বিবিসি ও দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টার দিকে ১৫ বিচারপতির বেঞ্চে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। রায় পড়ার শুরুতে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি তারা ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা করেছে।
বিচারক ইয়াসাওয়া ইয়ুজি উল্লেখ করেন, আদালতে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়েই এসব কর্মকাণ্ড চালিয়েছে। ২০১৭ সালের ওই অভিযানের পরিবেশ রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তি তৈরি করেছিল বলেও পর্যবেক্ষণে উঠে আসে। উল্লেখ্য, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল গাম্বিয়া। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এই ঐতিহাসিক রায়ের দিকে তাকিয়ে আছেন, যা তাদের ন্যায়বিচার ও মাতৃভূমিতে প্রত্যাবাসনের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।




