দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, রোববার বাংলাদেশ গেজেটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকেও ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।




