গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে একটি সংকটকাল চলছে এবং সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবশ্যই সাড়া দেবে। সরকারপ্রধান দেশকে কীভাবে এগিয়ে নিতে এবং পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন, সেটিই তাঁরা শুনতে চান বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যর অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে সরকার যে অঙ্গীকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চেয়ে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। তাঁর মতে, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক বিষয়গুলোতে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।
বর্তমান সংবিধান সংশোধন প্রক্রিয়ার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, প্রথমেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চেয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে, এমন কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।




