সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনায় এসএমই খাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, ২০২৯ সালে এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদিত হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, সরবরাহ শৃঙ্খল এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী দেশে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা ও শ্রম রপ্তানির সূচনাকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। ইতালির আদলে দেশের চিহ্নিত ১৭৭টি শিল্প ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় আনা এবং ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে প্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক ভেন্যুতে সরকারি উদ্যোগে মেলা আয়োজনের বিষয়ে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সম্প্রতি তুরস্কে ‘কপ-৩১’-এ পাটসহ বাংলাদেশি পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের কথা উল্লেখ করে তাৎক্ষণিক অর্ডার নেওয়ার ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রশিক্ষণ, জিআই ট্রেডমার্ক সহায়তা, এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিবেচনা এবং ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।




