সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক পর্যায়ে ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি বোর্ড থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে এবং সমান নম্বরধারীদের বিবেচনায় অতিরিক্ত ৪০০ ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এবং সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপগুলো কেনা হবে। সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ধাপে ধাপে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে দেড় হাজার শিক্ষার্থীকে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এ ল্যাপটপ দেওয়া হবে।
স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের ও মানসম্মত কনফিগারেশনের হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ১১টি বোর্ডকে যুক্ত করে আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।




