সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বিদেশে পলাতক অন্য যেকোনো আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, তার ক্ষেত্রেও একই অবস্থান প্রযোজ্য। তিনি স্পষ্ট করেন, রয়টার্সের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর কোনো আলোচনাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা কোথায় আছেন তা কেউ জানে না এবং ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার কথা বলে তিনি একটি ‘পলিটিক্যাল স্টান্ট’ করার চেষ্টা করছেন। নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে এখন সারা দেশে তাণ্ডব তৈরির মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করে তিনি জানান, শেখ হাসিনা বা অন্য দণ্ডপ্রাপ্তরা দেশে এলেই গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে যাবেন।
এ ছাড়া ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ জানান, হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টের খুন-গুমের সাজাপ্রাপ্ত আসামি যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনার প্রক্রিয়া চলমান। পাসপোর্ট ও এনআইডি আবেদন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তিকে সরকার পাসপোর্ট বা এনআইডি দিতে পারে না এবং এর ব্যত্যয় হবে না।




