তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ (COP-31)-এর মূল অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি বিশ্ব নেতাদের এই সম্মেলনস্থলে পৌঁছান বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের সম্মেলনে ভাষণ দেবেন এবং একটি 'জিরো ওয়েস্ট' গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এছাড়া সফরের ফাঁকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছানোর পর মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।




