রাজধানীর চারপাশের নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং আধুনিক নৌ-যোগাযোগ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নদীর সীমানা রক্ষা ও দখল রোধে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে এবং অসমাপ্ত অংশ বা ‘মিসিং লিংকগুলো’ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নগরবাসী নির্মল পরিবেশে হাঁটাচলা ও নদীর সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন। নদীদূষণ রোধের বিষয়ে তিনি জানান, নদীতে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য পড়ার প্রায় ৪২৬টি উৎস বা স্পট চিহ্নিত করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসার সমন্বয়ে এসব বর্জ্য নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে।
অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করেও আশানুরূপ সাফল্য না আসার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, তখন নদীদূষণ ও যাতায়াতে অতিরিক্ত সময় লাগায় যাত্রীরা আগ্রহ হারিয়েছিলেন। তবে বর্তমান সরকার আধুনিক নৌযান সংযোজন, নতুন নৌরুট চালু এবং সড়কপথের সঙ্গে সমন্বয় রেখে আধুনিক নৌস্টেশন ও ঘাট নির্মাণের মাধ্যমে সেই প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে, যা যাতায়াতের নতুন দ্বার খোলার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনকে সম্প্রসারিত করবে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




