সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রাম নগরীতে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে, যার ফলে প্রতি বছর সড়কে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট প্রকল্প হিসেবে নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে গতিসীমা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সিএমপি।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)-এর উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিএমপি কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স পুলিশ সদস্যদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ দেন এবং শেষ দিনে বায়েজিদ লিংক রোডে সাতটি চেকপয়েন্ট বসিয়ে মাঠপর্যায়ের অনুশীলন পরিচালনা করেন।
কর্মশালা শেষে সিএমপিকে সাতটি আধুনিক লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়। এর পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য স্পিড ব্রেকার এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।




