সোমবার প্রকাশিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিকার সভায় যেসব প্রস্তাব অনুমোদিত হয়েছে তার মধ্যে রয়েছে—কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরীতে এবং বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় নতুন দুটি থানা স্থাপন। এর পাশাপাশি বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সভায় ময়মনসিংহের ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ নামকরণের প্রস্তাবও পাস হয়। এছাড়া লক্ষ্মীপুর জেলার নবসৃষ্ট চন্দ্রগঞ্জ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাংগরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর আগের নির্ধারিত মৌজা থেকে পরিবর্তন করে নতুন মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক এই রদবদল ও নতুন ইউনিটগুলো দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




