মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

কারাবরণ ও দীর্ঘ নির্বাসনের পথ পেরিয়ে সরকারপ্রধান হিসেবে প্রথম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬)। দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। কৈশোরে পিতাকে হারানো, কারাবরণ ও দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে বর্তমানে দেশের নেতৃত্বে থাকা এই নেতার জন্মদিনে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়ায় তাঁকে স্মরণ করছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

কারাবরণ ও দীর্ঘ নির্বাসনের পথ পেরিয়ে সরকারপ্রধান হিসেবে প্রথম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণমাধ্যম ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে পৈতৃক এলাকা বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা তারেক রহমান ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন। কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে গেলে তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন শুরু হয়। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রবাসে থেকেই দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর দেশে ফেরার পথ সুগম হয় এবং ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফিরে আসেন।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে আধুনিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন। এবারের জন্মদিনে জাঁকজমকপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন দলীয় নেতাকর্মীরা।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz