মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি


নিজস্ব প্রতিবেদক : 

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ক্ষেত্রেও আপনারা প্রশংসা করবেন ইনশাআল্লাহ। এ জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।

তিনি বলেন, রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান অবস্থা আমরা এখান থেকে কেন্দ্রীয়ভাবে মনিটর করব, যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি।

সেখানে নির্বাচনি মাঠের বর্তমান পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে বলে জানান সিইসি।

এদিকে, উপনির্বাচনকে সামনে রেখে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (রোববার)। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এই উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম আজ ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রেখেছে ইসি। ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
 

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz